জ্বালানী বিভাগ এখনো স্মার্ট নয় : নসরুল হামিদ

আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৮:২৭
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানী বিভাগ এখনো ততটা স্মার্ট নয়। টেকনোলজির দিক থেকে বিশ্ব অনেক এগিয়ে গেলেও জ্বালানী বিভাগ তার সঙ্গে তাল মেলাতে পারেনি। 
 
তিনি বলেন, বাজারের গতিধারার সঙ্গে মিলিয়ে নানাপ্রকার জ্বালানীর ব্যবস্থা করতে হবে, যাতে করে গ্রাহকদের সামনে ভিন্ন ভিন্ন অপশন থাকে। শুক্রবার সকালে একটি বেসরকারি কোম্পানির এলপিজি গ্যাস বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানী প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
 
জাপানের এলপিজি কোম্পানি সাইসান ওয়ান এবং বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম যৌথভাবে বাংলাদেশে ওমেরা গ্যাস ওয়ান নামে যাত্রা শুরু করে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ অটোগ্যাস স্টেশনের উদ্বোধন করে বলেন, ক্লিন ফুয়েলের ক্ষেত্রে এলপিজির ভূমিকা ব্যাপক। যানবাহনের ক্ষেত্রে গ্রাহকদের সামনে বিভিন্ন রকম অপশন থাকা উচিৎ। যাতে যার যেটা স্বাচ্ছন্দ সে সেটা ব্যবহার করতে পারে।  তবে জ্বালানীর ক্ষেত্রে নিরাপত্তা একটি বড় বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিস্ফারক অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে। কোন ধরনের দূর্ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব তাদেরকে নিতে হবে।
 
এলপিজির মূল্য সম্পর্কে তিনি বলেন, মূল্য নির্ধারণ করবে কে তা ঠিক করতে হবে। জ্বালানী বিভাগ মূল্য নির্ধারণ করতে পারে বলে তিনি জানান। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইসান ওয়ান কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা তোমকো তাকমোতো এবং ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।  
 
অনুষ্ঠানে জনানো হয়, কনভার্সন ও ফিলিং স্টেশনের ওয়ান স্টাপ সলিউশন নিয়ে মহাখালিতে ওমেরা গ্যাস স্টেশনের যাত্রা শুরু হচ্ছে। এপ্রিল মাসের মধ্যে চট্টগ্রাম, ফেনী, নরসিংদী, গাজীপুর, বগুড়া, রাজশাহী, যশোর, সাতক্ষীরা এবং খুলনা থেকে অটোগ্যাস সরবরাহ করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী ৩০টি এবং ২০২০ সালের মধ্যে ২০০টি স্টেশনের মাধ্যমে গ্রাহকরা গ্যাস পাবেন।
 
ইত্তেফাক/ইউবি