তিনি প্রধানমন্ত্রী। কিন্তু ঘরে একজন শাশ্বত বাঙ্গালি নারী। যিনি সুযোগ পেলেই ঘরে সন্তানের জন্য নিজ হাতে খাবার রান্না করেন, নাতনীর চুলে বেণী করে দেন, খোলা মাঠে নাতির হাত ধরে খেলায় মেতে উঠেন। তিনি আর কেউ নন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
হতে পারেন সরকারপ্রধান, হতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান। কিন্তু কঠিন সব কাজের ভিড়ে তাঁর কোমল মনটা তো আর তাতে আড়াল হয় না। শিশুদের প্রতি তাঁর আলাদা মমত্ববোধ কাজ করে সব সময়ই। প্রায়ই তার তাঁর মানবিক ও শিশুসুলভ হৃদয় ছুঁয়ে যায় সাধারণ জনগণকেও। আজ শুক্রবারও তার ব্যতিক্রম হয় নি।
IMG0
সাপ্তাহিক ছুটির দিন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে এসেছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির ও একমাত্র কন্যা আলায়না হাসান আব্রি। ফুটফুটে আলায়নাকে কাছে পেয়ে প্রধানমন্ত্রী ছিলেন খুশিতে আটখানা। শিশুপ্রেমী প্রধানমন্ত্রী আলায়নাকে কোলে নিয়ে গল্প করেছেন, গণভবনের অ্যাকুয়ারিয়ামের রঙ্গিন মাছ দেখিয়েছেন, মোবাইল ফোনে কিছু একটা দেখিয়েছেন। শুধু তাই নয় আলাইনার বুদ্ধি কতটুকু সেটাও পরখ করে নিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক যেন আলায়নার ‘দাদু’!
IMG1
প্রধানমন্ত্রী ও আলায়নার মধ্যকার এ ঘটনাগুলোর কথা জানা যায় শুক্রবার রাতে শিশিরের ফেসবুক পোস্ট থেকে। আলায়না ও প্রধানমন্ত্রীর খুনসুটির ছবিগুলো পোস্ট করার পরই সেগুলো ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। শিশিরের দেয়া একটা ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেক রঙের বল তুলছেন হাতে আর আলায়না হাসানের কাছে জানতে চাইছেন, তাঁর হাতে থাকা বলের রংটা কী? আলায়না তোতা পাখির মতো বলে যাচ্ছে সবুজ, লাল, হলুদ...। আলায়নার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত-মুগ্ধ, ‘সব জানে সে’!
IMG2
এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বে মুগ্ধ শিশির ফেসবুকে লেখেন, ‘আলায়না আজকে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ভালো একটা সময় কাটালো। প্রধানমন্ত্রী একজন অসাধারণ মা ও বেশ যত্নশীল ব্যক্তিত্ব।’
ইত্তেফাক/ রেজা
