চবি পরিসংখ্যান বিভাগের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৬:০০
‘অর্থনৈতিক অগ্রগতির মূল্যায়নে পরিসংখ্যান’স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এ মিলনমেলায় বিভাগের প্রথম থেকে ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। 
 
পরিসংখ্যান বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি ও পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. উবাইদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক এসএম নুরুল হক। 
 
অনুষ্ঠানে চবি পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০১৯ সালে রজত জয়ন্তী উদযাপনের জন্য সবাই একসাথে কাজ করার অঙ্গীকার করেন। রজত জয়ন্তী বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান অ্যালামনাইয়ের সভাপতি ড. রব ও প্রধান উপদেষ্টা ড. আজাদ।
 
ইত্তেফাক/ইউবি