অপহৃত ১৩ জেলে উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:৫৭
পূর্ব সুন্দরবনে বনরক্ষী ও কোস্টগার্ড অভিযানে চালিয়ে ১৩ জেলেকে উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের গাতার খাল এলাকায় বনদস্যু মামা-ভাগ্নে বাহিনীর জিম্মিদশা থেকে তাদের উদ্ধার করা হয়।
 
বন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে কটকা বনরক্ষী এবং ওই দস্যু বাহিনীর মধ্যে প্রায় আধঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বনরক্ষীরা দস্যুদের কবল থেকে ৬ জন জেলে ও ৪টি মাছ ধরা নৌকা উদ্ধার করে। পরে কোস্টগার্ড ও বনরক্ষীরা যৌথ অভিযান চালিয়ে বনের ওই এলাকা থেকে আরো ৭জন জেলে, ৩টি ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার ও ৫টি মাছ ধরা নৌকা উদ্ধার করে।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহ্দীন জানান, উদ্ধার হওয়া জেলে এবং মাছ ধরা নৌযানগুলো বনবিভাগের জিম্মায় রাখা হয়েছে। যৌথ অভিযান শনিবার রাত ৮টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে, তাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি