দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক, বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। রবিবার ক্যাম্পাসে তারা একটি মানববন্ধন করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এমন হামলা নতুন কোন ঘটনা নয়। এটা একটা মতাদর্শের লড়াই। এ হামলাগুলো কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ যে ব্যক্তি এ হামলার ঘটনা ঘটিয়েছে, সে কিন্তু পালিয়ে যাওয়ার জন্য এ কাজ করেনি। হামলাকারী জানে যে সে ধরা পড়বে, সে গণধোলাই খাবে, পুলিশের হাতে ধরা পড়বে ইত্যাদি সব। হামলাকারী সব মেনে নিয়ে এই ঝুঁকিটা নিয়েছে। কারণ এটা তার জন্য তার আদর্শের লড়াই।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড একেএম মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল বাকী, অধ্যাপক ড. নুর মোহাম্মদ, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ড. শাহীন মোল্লা, ড. মোস্তফা কামাল প্রমুখ। এ সময় মাববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে হামলার ঘটনায় জবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নীল দল ও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
