পৃথক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৫০

ইত্তেফাক ডেস্ক

পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদতারা।

কালিহাতী (টাঙ্গাইল): রবিবার কালিহাতীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) ও মাখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)।

ঘাটাইল (টাঙ্গাইল): সোমবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলায় পাকুটিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো. শাহিন মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকান্দা (ফরিদপুর): সোমবার সকালে ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের নগরকান্দা উপজেলার মনোহরপুরে বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম রাফেজা বেগম (২৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক নারী।

ঝিকরগাছা (যশোর): শনিবার সন্ধ্যায় ঝিকরগাছার গুলবাকপুর গ্রামে পাওয়ার টিলার চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মো. আজিজুর রহমান (৪২)।

গাইবান্ধা: রবিবার গাইবান্ধার ফুলছড়ির বালাসিঘাটে ব্রহ্মপুত্রে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইয়ামিন হাসান ইমন (১৩)।

স্থানীয়রা জানান, ওইদিন বালাসিঘাট এলাকার ব্রহ্মপুত্রে গোসল করতে নামে ইমন ও তার তিন বন্ধু। এক পর্যায়ে ইমনসহ তিনজন পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন পানিতে নেমে দুইজনকে উদ্ধার করে; কিন্তু ইমনের খোঁজ না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইমনের লাশ উদ্ধার করে।

ঝিনাইদহ: সোমবার সকালে ঝিনাইদহের শৈলকুপার ফাজিলপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম হেলাল (২)। সে ওই  গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্বরূপকাঠি (পিরোজপুর): রবিবার বিকালে স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে এক অটো চালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. ফজলুল হক (৪০)।

চাটখিল ও সোনাইমুড়ি  (নোয়াখালী): সোমবার সকালে চাটখিলে বিদ্যুস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম হূদয় (১৪)। সে উপজেলার শংকরপুর গ্রামের বক্তার বাড়ির মানিকের ছেলে।