২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীর পরিচয় উদঘাটনের আল্টিমেটাম গণজাগরণ মঞ্চের

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২২:৩৯

সিলেটে ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় হামলাকারীর রাজনৈতিক পরিচয় উদঘাটন এবং হামলার মূলে কারা আছে তা জানাতে সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। এছাড়াও আগামী ৬ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ৮ মার্চ জেলা উপজেলায় কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

রবিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার বলেন, বেছে বেছে মুক্তচিন্তার মানুষগুলোকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এর আগেও গণজাগরণ মঞ্চের বেশ কয়েকজন সক্রিয় সংগঠককে হত্যা করলেও খুনিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এ কারণেই হামলাকারীরা নিজেদেরকে বেশি শক্তিশালী মনে করে। আরও হামলা করার সুযোগ খোঁজে।

ইমরান কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আগামী ৬ মার্চ সকাল দশটায় সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-শিক্ষক সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্ব-স্ব উদ্যোগে স্ব-স্ব ব্যানারে এই মানববন্ধন করবে। ৮ মার্চ বৃহস্পতিবার সারাদেশের জেলা, উপজেলায় গণবিক্ষোভ পালিত হবে। রাজধানী ঢাকায় এই গণবিক্ষোভ পালিত হবে শাহবাগে।

সমাবেশে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, যারা মুক্তমনাদের কন্ঠরোধ করতে চায় তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। শুধু একজনকে গ্রেফতার করলে চলবে না এর পেছনে কারা ছিল, কারা মূল পরিকল্পনাকারী তাদেরকে খুঁজে বের করতে হবে।

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, প্রগতিশীলদের ভয় দেখানোর জন্য এই হামলা হয়েছে। তবে হতাশার দিক রাষ্ট্র থেকে যে ধরনের ভূমিকা নেওয়ার দরকার তা রাষ্ট্র নিচ্ছে না।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাট্যকার মামুনুর রশিদ, উদীচী শিল্পি গোষ্ঠী সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, লেখক প্রকাশক রবীন আহসান,গণজাগরণ মঞ্চের সাবেক নেতা আকরামুল হক, কেন্দ্রীয় খেলাঘরের সহ-সভাপতি ড. আবু সায়েদ, উন্নয়ন কর্মী শাহীনা আনাম, নারী সাংবাদিক ফোরামের আহ্বায়ক নাসনিম আরা মিনু, ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ:
ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার বেলা সাড়ে ১২টায় ঢাবির মধুর ক্যান্টিন থেকে তারা এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাভবনের সামনে এক সমাবেশ করে।

ঢাবি সাদা দলের নিন্দা : শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল বিবৃতি দিয়েছে। দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বজন শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় সহকর্মী অধ্যাপক জাফর ইকবালের ওপর এই হামলার ঘটনায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। আমরা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন আজ:
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে। সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু