ড. জাফর ইকবালের উপর হামলা

শাবি শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৪:৪৮
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালোব্যাজ ধারণ করে প্রশাসনিক ভবন-২ এর সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
 
শাবি শিক্ষক সমিতির উদ্যোগে ওই কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদসহ দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এদিকে সমিতির সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ জানান, আগামীকাল মঙ্গলবার সাড়ে ১১টায় ক্যাম্পাসে প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হবে।
 
এদিকে সকাল সাড়ে ১০টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আইআইসিটি ভবনের সামনে থেকে কালোব্যাজ ধারণ করে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে এই সমাবেশে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
IMG0
এদিকে ক্যাম্পাসের অর্জুনতলায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয় দিনের মত চলছে গণস্বাক্ষর গ্রহণ অভিযান। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ বিকেলে লালব্যাজ ধারণ এবং সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে। 
 
ইত্তেফাক/এসএস