ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় এক রাতে চারটি চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লা এবং উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে পৃথক এ চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বেপারীর তালাবদ্ধ ঘরের তালা ও গ্রিল ভেঙে একদল চোর ঢুকে সমস্ত মালামাল নিয়ে যায়। দেলোয়ার হোসেন বেপারী চিকিত্সার জন্য পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করছেন। একই রাতে একই গ্রামের মো. হারেচ বিশ্বাসের তালাবদ্ধ ঘরে সিঁদ কেটে প্রবেশ করে চোরেরা স্বর্ণলংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এদিকে ওই রাতে উপজেলার শিয়ালকাঠি গ্রামের কৃষক ওহাব হাওলাদারের একটি দুধের গাই গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে গেছে চোরেরা। এছাড়া উত্তর শিয়ালকাঠি গ্রামের বালু ব্যবসায়ী কবির হাওলাদারের ষ্টিলবডি দুটি ট্রলার তার বাড়ি সংলগ্ন বাঞ্চার খাল থেকে চুরি হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়ির মালিকরা এলাকায় না থাকায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
