হাটহাজারীতে পাথরের আঘাতে যুবক নিহত

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২১:২৯
হাটহাজারীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া পাথরের আঘাতে মো. সোহেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার পৌরসভার আলীপুর গ্রামের মেডিকেল গেট এলাকায় বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
সোহেল পৌরসভার আলীপুর গ্রামের নূর মোহাম্মদ প্রকাশ মানিকের ছেলে বলে জানান তার বন্ধু খোরশেদ আহমেদ।
 
তিনি আরো বলেন, ‘সোহেলসহ আমরা বন্ধুরা পৌর এলাকার আলীপুর গ্রামের ফজু তালুকদার বাড়িতে আমাদের এক বন্ধুর বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম। দাওয়াত খেয়ে বের হওয়ার সময় রঙ্গিপাড়া এলাকার প্রতিপক্ষ তারেক, আরিফ ও লিটনসহ ৬/৭ একটি গ্রুপ আমাদের গতি রোধ করে। মোবাইল চুরি ঘটনার ব্যাপারে চড়াও হয়ে সোহেলকে মারধর করতে থাকে। এক পর্যায়ে তারা সোহেলকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এতে সোহেল মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক শাহপরাণ জানান, ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে এবং মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, আসল অপরাধীদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
 
ইত্তেফাক/আরকেজি