দক্ষিণ কোরিয়ায় প্রসিকিউটররা মঙ্গলবার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট লি মিউং বাককে তলব করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ সিউলের একজন প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘এই কেলেঙ্কারির তদন্তে স্বচ্ছতা আনতে এবং একে অধিকতর কার্যকর করে সত্য উদঘাটনের জন্য সাবেক প্রেসিডেন্ট লি’কে জিজ্ঞাসাবাদ করা জরুরি।’ ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ৭৬ বছর বয়সী লি’র আত্মীয় ও সহকারীরা দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
সিউলের প্রসিকিউটররা কোটি কোটি ডলারের ঘুষ ও দুর্নীতির বেশ কয়েকটি মামলা তদন্ত করছেন। সাবেক এই প্রেসিডেন্টকে কেন্দ্র করেই তদন্তগুলো চালানো হচ্ছে। গত বছর তার উত্তরসূরি পার্ক গুয়েন হাই একটি বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি মাথায় নিয়ে ক্ষমতা থেকে উচ্ছেদ হন। এএফপি।
ইত্তেফাক/সেতু
