আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, মাদ্রাসা, সাধারণ বা কারিগরি শিক্ষা- যেকোনো স্তরের শিক্ষার্থীর অন্য যেকোনো একটি শিক্ষা ব্যবস্থায় বা বিভিন্ন পেশায় এক ট্রেড থেকে অন্য ট্রেডে যাওয়ার অর্ন্তভুক্তিমূলক সুনির্দিষ্ট রূপরেখা দরকার, যা বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিকিউএফ) তৈরির মাধ্যমেই তা সম্ভব হবে।
আজ মঙ্গলবার (৬ মার্চ) রাজধানীর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত একটি কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে আর্ন্তজাতিক শ্রমসংস্থার তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস টুয়েন্টি ওয়ান প্রকল্প এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালাটি আয়োজন করা হয়। বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরির উদ্দেশ্যে এর সকল অংশীদারদের নিয়ে কর্মপরিকল্পনা এবং সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে অবহিতকরণ ছিল কর্মশালাটি আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক কী ধরনের ভূমিকা রাখে এ নিয়েও আলোচনা হয়। অংশীদাররা একমত হন, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় বরং দেশে বিদেশে যোগ্যতাভিত্তিক শোভন কর্মসংস্থানের ক্ষেত্রেও এ যোগ্যতার কাঠামো ব্যাপক অবদান রাখবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর বলেন, একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আর তাই এখনই উপযুক্ত সময় বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরি করে চাকরি প্রার্থী এবং চাকরিদাতা দুইপক্ষের সুফল নিশ্চিত করা। আর এ বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সেতু হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আয়োজক আইএলও-র অফিস-ইন-চার্জ এবং স্কিলস টুয়েন্টি ওয়ান প্রকল্পের পরিচালক স্নেহালভি সোনেজি জানান, আইএলও বাংলাদেশে একটি সমন্বিত ও সংগতিপূর্ণ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরির জন্য প্রথম পদক্ষেপ নিয়েছে। এ কাঠামো শিক্ষার্থী, চাকরি প্রার্থীদেরকে এক ধরনের শিক্ষাব্যবস্থা থেকে অন্যটিতে এবং কাজের ক্ষেত্রেও এক পেশা থেকে আরেক পেশায় যেতে সাহায্য করবে। তাই এ কাঠামোটি শিক্ষার্থী এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের চাহিদাই পূরণ করবে।
কর্মশালায় পরবর্তীতে মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির কোয়ালিটি এ্যাস্যুরেন্স বিভাগের সহকারী প্রধান কার্যনির্বাহী অধ্যাপক ড. হাজমানশাহ বিন আবদুল্লাহ আসিয়ানের আলোকে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।
দিল্লিতে নিযুক্ত আইএলও‘র ডিসেন্টওয়ার্ক টিমের স্কিলস এন্ড এম্প্লয়বিলিটি স্পেশালিস্ট গ্যাব্রিয়েল এইচ বোরদাদো স্কাইপে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপী কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সুফল এবং চাহিদা মাথায় রেখে শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে আঞ্চলিক কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শুধুমাত্র শিক্ষা বা চাকরির ক্ষেত্রে এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থা বা এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরেই সাহায্য করবে না। বরং অর্থনৈতিক অভিবাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইত্তেফাক/এমআই
