কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী ২৫ মার্চ। এছাড়া এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেয়া হবে আগামী ১১ও ১২ মার্চ। সাক্ষাৎকার শেষে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৩ মার্চ থেকে, যা শেষ হবে ১৯ মার্চ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৬০০ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১১ মার্চ। এছাড়াও ৬০১ থেকে ১১২৪ জন উত্তীর্ণ এবং কোটা থেকে উত্তীর্ণ সকলের সাক্ষাৎকার আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখায় ১ থেকে ৪৩৩ জনের সাক্ষাৎকার ১১ মার্চ, ব্যবসায় শিক্ষা শাখায় ১ থেকে ২৫৫ জনের সাক্ষাৎকার ১২ মার্চ (সকাল ৯টা থেকে দুপুর ২টা) এবং বিজ্ঞান শাখায় ১ থেকে ১৪২ জনের ও কোটা থেকে উত্তীর্ণ সকলের সাক্ষাৎকার ১২ মার্চ দুপুর ৩টা থেকে অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বানিজ্য শাখায় ১ থেকে ৪০০ জনের সাক্ষাৎকার ১১ মার্চ, মানবিক শাখায় ১ থেকে ৩২ ও বিজ্ঞান শাখায় ১ থেকে ৪৮ জনের এবং কোটা থেকে উত্তীর্ণ সকলের সাক্ষাৎকার আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে ১২ মার্চ।
আগামী ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। আগামী ২০ মার্চ মাইগ্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৫ মার্চ (রবিবার) থেকে ২০১৭-১৮ সেশনের প্রথম বর্ষের ক্লাশ শুরু হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল, সাক্ষাৎকার ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd তে পাওয়া যাবে।
ইত্তেফাক/কেআই
