টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০০:৫০

গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর গণপিটুনীতে রাসেল ওরফে গিট্টু রাসেল (২৬) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নোয়াখালীর চাটখিল থানার ভীমপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে। সে মধ্য আরিচপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই হুমায়ুন কবির এবং স্থানীয়রা জানান, গিট্টু রাসেল আরিচপুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী। রাত ৯টার দিকে মধ্য আরিচপুর নেককারবাড়ি এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো: কামাল হোসেন সাংবাদিকদের জানান, নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।