মস্কোতে রূপপুর প্রকল্প বাস্তবায়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৩:২৫

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বাংলাদেশ-রাশিয়া যৌথ সমন্বয় কমিটির তৃতীয় সভা মঙ্গলবার মস্কোতে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের উপ-মহাপরিচালক আলেকজান্ডার লকশিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সংক্রান্ত মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, রাষ্ট্রদূত ড. সাইফুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন, এটমিক এনার্জি রেগুলেটরী অথরিটির চেয়ারম্যান নাইয়ুব চৌধুরী, কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক, অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দার এবং প্রকল্প পরিচালক শওকত আকবর।

IMG0
মূল বৈঠকের পূর্বে ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল বারী চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে রূপপুর প্রকল্পের ভৌত নিরাপত্তা সংক্রান্ত একটি পার্শ্ব বৈঠকে মিলিত হয়।

যৌথ সমন্বয় কমিটির মূল বৈঠকে মূলত রূপপুর প্রকল্পের অবকাঠামো নির্মাণে সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী সমুদ্র বন্দর ও সিমেন্ট কারখানা থেকে প্রকল্প সাইটে পরিবহনের জন্য বঙ্গবন্ধু সেতু, রেলপথ ও নদী পথের কৌশলগত ব্যবহার নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রকল্প নির্মাণে মূল চুক্তির আলোকে বিবিধ নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন যন্ত্রাংশের দ্রুত কর অবমুক্তির প্রক্রিয়া নিয়ে সফল আলোচনা হয়।

যৌথ সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রকল্প নির্মাণে পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতির গুণগত মান সুনিশ্চিতকরণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া।

ইত্তেফাক/নূহু