প্রতিহিংসার বিচারে বন্দি খালেদা জিয়া : ফখরুল

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৫:৫২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান শাসনকালে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে । বর্তমান দুঃসময়ে নারী ও শিশুরা অতি মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার বিচারে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। 
 
আন্তর্জাতিক নারী দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি। বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন। 
 
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। অর্ধেকেরও বেশি নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত। ‘বিশ্বব্যাপী যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর এই ঐতিহাসিক বাণীটির যথার্থতা অনুধাবণ করে আমাদের দেশের নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। 
 
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় থাকাকালীন  নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগের কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে। 
 
এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। তবে এবারের আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করছি।
 
ইত্তেফাক/ইউবি