পার্বতীপুরে সরকারি মাল্টিপারপাস কালচারাল কমপ্লে¬ক্স চাই

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:১১

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে সকল উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানতে পারলাম, এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই ১০০ উপজেলায় এটি বাস্তবায়নের কাজ শুরু হবে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ আয়োজিত এক সেমিনারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় নির্মিতব্য এই মাল্টিপারপাস কালচারাল কমপ্লে­ক্সে থাকবে ৪০০ থেকে ৫০০ আসনের মিলনায়তন, একটি মুক্তমঞ্চ ও আধুনিক সিনেপ্লেক্স। এক্ষেত্রে আমার অভিমত, আমাদের পার্বতীপুর উপজেলা বরাবরই অবহেলিত উপজেলার কাতারে থাকে! এই উপজেলায় বর্তমানে মাত্র একটি সিনেমা হল থাকলেও সেটির পরিবেশ এতই খারাপ যে ভেতরে প্রবেশ করাই যায় না! তাছাড়া সিনেমা হলটিকে বন্ধ বললেও বাড়িয়ে বলা হবে না। তাই এই এলাকার যুবক ও তরুণেরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বাদ দিয়ে ঝুঁকছে মাদকের মতো ভয়াবহ নেশার দিকে। তাই প্রথম পর্যায়ে যে ১০০ উপজেলায় এর বাস্তবায়নের কাজ শুরু হবে, তাতে আমাদের পার্বতীপুরকে অগ্রাধিকার দেওয়া হবে বলেই আশা করি। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

মেনহাজুল ইসলাম তারেক

পার্বতীপুর, দিনাজপুর