শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শ্রমিকদের জীবন-মান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে মন্ত্রণালয় সংশ্লিষ্ট এসডিজি-২০৩০ লক্ষ্য অর্জনে মাস্টার প্ল্যান চূড়ান্তকরণে এক কর্মশালায় এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে পরিচিত দেশের সবচেয়ে বড় শ্রমঘন পোশাক শিল্পকে শতভাগ শিশুশ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। ২০২১ সালে ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এসডিজির ৮ দশমিক ৭ টার্গেট অনুযায়ী ২০২৫ সালে শিশুশ্রম মুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করা হবে।
তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে সরকার অনেক উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গার্মেন্টস শিল্প নিরাপদ করতে রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) গঠন করা হয়েছে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতীয়ভাবে ওএসএইচ দিবস পালন করছে। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে বেশি গ্রীন ফ্যাক্টরীর দেশ এখন বাংলাদেশ।
মুজিবুল হক বলেন, গৃহকর্মীদের সুরক্ষায় নীতিমালা করা হয়েছে। সরকার এটাকে আইনি কাঠামোর মধ্যে আনার চিন্তা করছে। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাথে শ্রমিক-মালিকদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। বাসস।
ইত্তেফাক/এমআই
