জাপানে যথাযথ গুরুত্ব দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস, টোকিও। দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।
১৯৭১ সালে ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিকামী লাখো জনতার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপট ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ভাষণের জাদুকরী প্রভাব সম্পর্কে বিশদ আলোচনা করেন রাবাব ফাতিমা। পরে উপস্থিত সকলকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বানী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানের পরবর্তী অংশে, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে ৭ মার্চের ভাষণটি সকলের উদ্দেশ্যে দেখানো হয়। অত্যন্ত আগ্রহ ও মনযোগ দিয়ে সকলে ভিডিও চিত্রটি প্রত্যক্ষ করেন।
এ ছাড়া ঐতিহাসিক এই ভাষণ ও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে উম্মুক্ত আলোচনায় প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেন, তারা বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এই তেজদিপ্ত-বজ্রকন্ঠের ঘোষণার মধ্যেই মূলত নিহিত ছিল আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীন বাংলাদেশ। মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে বাংলার জনগণ ছিনিয়ে আনে আমাদের বিজয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
