মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:৫৪
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে ভারতের মুম্বাইতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপ-হাইকমিশন প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উপ-হাইকমিশনার লুৎফর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ঐতিহাসিক ৭ মার্চের সচিত্র ভাষণ প্রদর্শন করা হয়।
 
আলোচনা পর্বে উপস্থিত সকলেই তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক এই ভাষণের সার্বজনীন আবেদন এবং বাঙ্গালির সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার এই দিক নির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগে যুগে বাঙ্গালি জাতির জাতীয় ঐক্যের মূলমন্ত্র হয়ে কাজ করবে। জাতিকে শক্তি ও সাহস যোগাবে। আমাদের মহান নেতার এই ঐতিহাসিক ভাষণ বাঙ্গালি জাতির ইতিহাসে যেমন চিরন্তন তেমনি আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলেও তা স্বীকৃত ও সমাদৃত।’ তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘অমূল্য বিশ্ব সম্পদ ও ঐতিহ্য’ হিসেবে তালিকাভূক্তির জন্য অভিনন্দন জানান। 
 
ইত্তেফাক/সেতু