পরকীয়া ছাড়াও স্ত্রীকে নির্যাতন করেন ক্রিকেটার সামি

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২১:১৭
ভারতের জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে ফেসবুক পোস্টের পর এবার থানায় অভিযোগ দায়ের করলেন তার স্ত্রী হাসিন জাহান। 
 
বুধবার লালবাজার থানায় সামির বিরুদ্ধে পরকীয়া ও তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে সামির বিরুদ্ধে পরকীয়া ও তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন হাসিন৷ বুধবার লালবাজার থানায় অভিযোগ করার আগে সংবাদমাধ্যমে মুখ খোলেন ভারতীয় দলের এই ক্রিকেটার পত্নী৷ 
 
হাসিন বলেন, ‘ফেসবুকে আমি যা কিছু পোস্ট করেছি, সেটা সামান্য মাত্র৷ আসলে সামি যেটা করে আসছে, তা আরও ঘৃণ্য৷ অনেক নারীর সঙ্গে ওর সম্পর্ক রয়েছে৷ সামি ও ওর পরিবারের প্রত্যেকেই আমার উপর নির্যাতন করত৷ ওর মা ও ভাই প্রায়শই হেনস্থা করত আমাকে৷ রাত ২-৩টা পর্যন্ত আমার উপর অত্যাচার চলত৷ আমাকে মেরে ফেলতেও চেয়েছিল ওরা৷’ 
 
সামির হেনস্থা শেষ পর্যন্ত চরমে ওঠে বলেও জানিয়েছেন হাসিন৷ তিনি বলেন, ‘ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেও আমাকে মারধর করে৷বেশ কিছুদিন ধরেই এটা চলছে৷ আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে৷পরিবার ও মেয়ের কথা ভেবে আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি৷ সমঝোতার আর কোনও রাস্তাই খোলা ছিল না আমার সামনে৷ বাধ্য হয়েই আমি আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবি৷’
 
এদিকে সামির বিরুদ্ধে মামলার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর সেন্ট্রাল কন্ট্র্যাক্টে জায়গা হয়নি সামির। কলকাতা ২৪x৭
 
 
ইত্তেফাক/ ইউবি