ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে মিনিবাসের ধাক্কায় রিকশা আরোহী খোকন (৪০) নামে এক গার্মেন্টস কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দায়ী বাহাদুর শাহ পরিবহন নামের মিনিবাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে এর চালক আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বাসের ধাক্কায় নিহত খোকন একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। বর্তমানে কাঁচপুর বাজারের পাশে পরিবার নিয়ে থাকতেন। গুরুতর আহত খোকনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
আহত খোকনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু কামাল সর্দার। তিনি বলেন, বিকালে কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশের খোঁজে খোকনের সঙ্গে ধোলাই খাল এলাকায় যান। পরে সেখান থেকে রিকশায় করে দোলাইপাড় আসার পথে মীর হাজিরবাগ এলাকায় একটি মিনিবাস রিকশাকে ধাক্কায় দেয়। এতে তারা দু’জন রিকশা থেকে পড়ে যান। খোকন গুরতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
