বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক
ইত্তেফাক রিপোর্ট
কানাডা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এজন্য দু’দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সরকারের কাছে সুপারিশ করতে হবে। সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে। গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধির জন্য একটি ফোরাম গঠন করা প্রয়োজন। এতে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার প্ল্যাটফর্ম তৈরি হবে। টিপু মুনশি বলেন, বাংলাদেশ ব্যাপক বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন।
রাষ্টদূত বলেন, কানাডায় বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। এ বাণিজ্য আরো বাড়ানো সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কানাডা প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং এ ইস্যুতে কানাডা বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
