বকেয়া বেতন, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে আবারও সারাদেশে বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ শুরু করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন সবকটি জুট মিলের শ্রমিকেরা। গতকাল সোমবার সকাল থেকে পাটকলের উত্পাদন বন্ধ রেখে রাজপথ-রেলপথ অবরোধ করে ৯৬ ঘণ্টার এ ধর্মঘট শুরু করেছে আন্দোলনরত পাটকল শ্রমিকেরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ও পাটকল শ্রমিক লীগের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে। এর আগেও দুইদফা অবরোধ করে আন্দোলন করে শ্রমিকেরা।
খুলনা অফিস জানায়, গতকাল সকাল ৬টা থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে শ্রমিকদের এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে খুলনা রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। একই সঙ্গে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধ করায় খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন দূর-দূরান্তগামী হাজারো মানুষ।
রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুটমিলের সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, মজুরি ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের এ ধর্মঘট শুরু হয়েছে। দাবি মানা না পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা করে টানা ৯৬ ঘণ্টা পাটকল ধর্মঘট এবং সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। এরপর আগামী ২৫ এপ্রিল গেটসভা এবং ২৭, ২৮ ও ২৯ এপ্রিল ৭২ ঘণ্টার পাটকল ধর্মঘটসহ প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর আমিন জুট মিল এলাকায় পাটকল শ্রমিকরা গতকাল সকালে রেল-পথ, সড়ক পথে অবরোধ কর্মসূচি পালন করলে যানবাহন ও জনচলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। অবরোধকালে শ্রমিকরা মিল সংলগ্ন সড়কের উপর কাঠ ও পুরনো গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করেন। তারা চট্টগ্রাম-হাটহাজারি-নাজিরহাট রেলপথেও অবরোধের সৃষ্টি করেন। নগরীর মুরাদপুর থেকে হাটহাজারি, অক্সিজেন, ফটিকছড়িসহ পার্বত্যাঞ্চলগামী যানবাহন, যাত্রী ও জনসাধারণ এতে সাময়িক ভোগান্তির শিকার হন। পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার জানান, বেলা ১০টার দিকে পাটকল শ্রমিকরা রাজশাহী জুট মিলসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা জুট মিলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করে।
