বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে ৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ মোস্তাব আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মোস্তাব আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ৭টার সময় তাকে আটক করা হয়।
৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা সূত্রে সংবাদে জানা যায়, এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সাদিপুর সড়ক থেকে তাকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে এবং হাতে থাকা ব্যাগের মধ্য থেকে ৩০ লাখ ৪৭ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
