জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টির পর যারা ক্ষমতায় এসেছে তারা একে অপরকে গুম, খুন, হত্যা, নারী ধর্ষণ, মারামারি-হানাহানি আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। জাতীয় পার্টির শাসনের সময় দেশে কখনো রক্তপাত হয়নি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। দুই দলের ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আজ উন্নয়নের নামে দুর্নীতি, চাঁদাবাজি, দেশজুড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তাই স্বর্ণযুগ ফিরে পেতে আবারও পল্লীবন্ধু এরশাদকে দেশ পরিচালনার সুযোগ দিন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে কুমিল্লা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক নিয়মে সরকার আসবে এবং যাবে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের প্রেসিডিয়াম সদস্য রওশনারা মান্নান, প্রতিমন্ত্রী মজিদুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, ফয়সাল চিশতি, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অধ্যাপক নুরুল ইসলাম মিলন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
