বালাগঞ্জ-ওসমানীনগরে কাল বৈশাখির তাণ্ডবে ৫শ’ ঘরবাড়ি লণ্ডভন্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৪

বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় কাল বৈশাখীর তাণ্ডবে পাঁচ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে নয়টা পর্যন্ত স্থায়ী হয় কাল বৈশাখী। এতে এলাকার অধিকাংশ ঘরের চাল উড়ে গেছে। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়াসহ বিদ্যুত্ সঞ্চালন লাইন ছিড়ে পড়েছে। বিকাল পর্যন্ত দুই উপজেলায় বিদ্যুত্ সংযোগ বন্ধ রয়েছে।

ওসমানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক তথ্য মতে ওসমানীনগর উপজেলায় প্রায় ২৮ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি প্রাথমিক বিদ্যালয়সহ ১৭৮টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং ৫৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি হিসেবের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতির খরব পাওয়া গেছে। এর মধ্যে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অধিকাংশ গ্রাম এবং উমরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন বলেন, ইলাশপুর, হাসামপুর, রিফাতপুর, দক্ষিণগহরপুর, বদরনগর, নবীনগর, সত্যপুর, কাজিপুর, বাবরকপুর, করছারপারসহ বিভিন্ন গ্রামে প্রায় ১৬টি ঘর পুরোপুরি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৯১টি ঘরবাড়ি।

পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ২৫টি ঘর ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অর্ধ শতাধিক ঘর। এছাড়া উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আজিজপুর, দোহালিয়া, হায়দরপুর, রতনপুর চরআলাপুরসহ বিভিন্ন গ্রামে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দোহালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, ঝড়ে তার ঘরের চাল উড়ে গেছে। বাড়ির বেশ কয়েকটি গাছ ভেঙে গেছে। হায়দরপুর গ্রামের অজিত সূত্র ধর জানান, তার ঘরের চালের উপর গাছ উপরে পড়ে ঘর ভেঙে গেছে।