বাঁশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মামলার বাদী নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৪

বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে গত রবিবার রাত ৩টার দিকে আবুল কালাম (৩৭) নামে মামলার এক বাদী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গত বছরের ২ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে আবুল কালামের সত্ মা হালিমা বিবি, বোন হোসনে আরা ও ভাবী শাহেনা আক্তারসহ আরো অনেকে আহত হন। ওই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন আবুল কালাম। ওই মামলার আসামিরাই এ হত্যাকাণ্ড ঘটায় বলে নিহতের নিকটাত্মীয়রা দাবি করেন। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আবুল কালাম দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাষ্টার কবির আহমদের  ছেলে। বাঁশখালী হাসপাতালের ডাক্তার আমিনুল ইসলাম তারেক জানান, নিহত আবুল কালামের শরীরে ২০টি’র মতো ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে।