লাইফ সাপোর্টে সুবীর নন্দী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৮

দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে পহেলা বৈশাখের রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে নিয়মিত গাইছেন এখনো। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশিত হয়। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ ছবিতে। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য সুবীর নন্দী পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।

পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে সুবীর নন্দীকে সিএমএইচের জরুরি বিভাগে নেওয়ার পর রাত ১১টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয় শিল্পীকে। চিকিত্সকরা জানিয়েছেন, সুবীর নন্দীকে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাবে না।

সুবীর নন্দী সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রেনে রবিবার রাতে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন। রাত ৯টা নাগাদ উত্তরার কাছাকাছি আসতেই হঠাত্ শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তার। পরে ক্যান্টনমেন্ট এলাকার আত্মীয়ের সহায়তায় ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

সুবীর নন্দী দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। ল্যাব এইড হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করানো হয় তার। কিডনি ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন সুবীর নন্দী।