সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার তিন দিন পর লাশ উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৯

সাভারে নিখোঁজের তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ধলেশ্বরী নদীর পানপাড়া এলাকায় লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তা উদ্ধার করেন। হুমায়ুন কবির সরকার তেঁতুলঝোড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও রাজফুলবাড়িয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অভ্যন্তরীণ কোন্দল ও এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হুমায়ুন কবিরের সঙ্গে স্থানীয় ফারুক হোসেন পারভেজ ও আলমগীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

নিখোঁজের স্ত্রী শিল্পী বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় সন্ত্রাসী আমিনুল, পারভেজ, আলম, আলমগীর, শুকুর ও হান্নান আমার স্বামীর উপর হামলা চালায়। পরে তাকে স্থানীয় মাছ বাজারে নিয়ে গিয়ে কুপিয়ে  হত্যার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে তার স্বামী পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। সন্ত্রাসীরা ট্রলারযোগে নদীতে নেমে তাকে কুপিয়ে এবং টেঁটা বিদ্ধ করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতেই সন্ত্রাসীদের ব্যবহূত নৌকার মাঝি ও তার সহকারীকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুমায়ুন কবির সরকারকে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।