বগুড়ায় বিএনপি নেতা শাহীন খুন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৯

বগুড়া শহরের নিশিন্দারা উপশহর বাজার এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন (৫৫) নিহত হয়েছেন। রবিবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম শাহীন ধরমপুর এলাকার মৃত আনিছুর রহমান দুলার ছেলে। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ীও। সোমবার ময়নাতদন্ত শেষে শাহীনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, তারা এখনো হত্যাকাণ্ডের কারণ জানতে পারেননি। দলীয় নেতা খুন হওয়ার খবর পেয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী রাতেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে ছুটে যান। সেখানে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম অ্যাডভোকেট শাহীনের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।