সম্মেলন প্রত্যাশী ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মারধর করেছে সম্মেলন বিরোধী অংশের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই মারধরে আহত হন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মিশকাত, স্যার এ এফ রহমান হলের সাগর ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহসভাপতি কামাল উদ্দিন। এদের মধ্যে সাগর ও মিশকাত গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
আহত কামাল উদ্দিন বলেন, ‘সূর্যসেন হলের ১৬৯ কক্ষ থেকে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমি মিশকাত ও সাগর বের হচ্ছিলাম। এ সময় হলে গেটে ২০-২৫ দাঁড়িয়ে ছিল। আমরা যাচ্ছিলাম তারাও আমাদের সঙ্গে যাচ্ছিল। মিশকাত এভাবে অনুসরণ করার কারণ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তারা সম্মেলন চাস, বলে মারধর শুরু করে। মারধরকারীরা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ারের সঙ্গে বেয়াদবি করিস এবং কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন এর বিরোধীতা করিস বলে মারতে থাকে। তারা ইট দিয়ে মিশকাত ও সাগরের মাথায় আঘাত করে।’
অভিযোগের বিষয়ে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ারকে অবহিত করা হলে তিনি বলেন, ‘মিশকাত তো আমার ছোট ভাই। কারা ঘটিয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।’
বিষয়টি অবহিত করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘কারা করছে আমরা দেখতেছি।’
প্রসঙ্গত, ছাত্রলীগের সম্মেলন নিয়ে দ্বিধাবিভক্ত ছাত্রলীগ। ছাত্রলীগের একাংশ ছাত্রলীগের সম্মেলন চাচ্ছে আবার আরেকটি অংশ সম্মেলন চাচ্ছে না। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ বিরাজমান রয়েছে। আগামী ৩১ মার্চ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার এই তারিখে সম্মেলন হবে না বলে সাংবাদিকদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জানান।
ইত্তেফাক/ইউবি
