আবিন্তা গ্যালারিতে দশ তরুণের ব্যতিক্রমী প্রদর্শনী

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৪:৩২
তারা কেউই ছবি আঁকা নিয়ে লেখাপড়া করেননি। কিন্তু শিল্পের প্রতি সহজাত আকর্ষণ প্রত্যেকের। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সবার বাস। সেখানেই চার দিনের এক আর্ট ক্যাম্পে অংশ নিয়েছিল দশ জন শিল্পের শিক্ষার্থী। তাদের সেই আর্ট ক্যাম্পে আঁকা ছবি নিয়েই রাজধানীর আবিন্তা ফাইন আর্টস গ্যালারিতে হয়ে গেল ‘ইমেনসিটি’ শীর্ষক ব্যতিক্রমী এক প্রদর্শনী।
 
প্রদর্শনীটি কিউরেট করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষক ও স্বনামধন্য শিল্পী বিশ্বজিৎ গোস্বামী। তিনি বললেন, এরা প্রত্যেকেই খুব ভাল শিক্ষার্থী। আর্ট ক্যাম্প শেষ করে তারা আবিন্তা গ্যালারির আয়োজনে এক মাসের স্টুডিও প্রোগ্রামে অংশ নেয়। খোলা স্টুডিওতে শিল্পীরা তাদের শিল্প নিয়ে নানা মাধ্যমে কাজ করেন, আলোচনা করেন। সেখান থেকেই প্রদর্শনীর কাজগুলো উঠে আসে।
IMG0
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পী মাহবুবুর রহমান ও বিশ্বজিৎ গোস্বামী। উদ্বোধনী পর্ব সভাপতিত্ব করেন আবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের চেয়ারপার্সন নীলু রওশন মুরশেদ। আজ শনিবার শেষ হয়েছে এ প্রদর্শনী।
 
শিল্পী বিশ্বজিৎ গোস্বামী জানান, এ ধরণের আয়োজন শিল্পের প্রতি আগ্রহী তরুণদের একটি প্ল্যাটফর্ম দেয় তাদের ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার। আগামীতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখতে আশাবাদী তিনি।
IMG1
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন- কুতুবুল ইসলাম অভি, অন্তরা মেহরুখ আজাদ, আজিজি ফাওমি খান, ছবি জুলফিকার, ইমাম মাহদী, জয়ন্ত সরকার জন, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম অপু, প্রসূন হালদার ও সাকিব সালিম।
 
ইত্তেফাক/এসএস