ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে হিজড়া ও বেদে সম্প্র্রদায়ের অংশগ্রহণে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠান বর্ষবরণ উদযাপিত হয়। বাংলা নববর্ষের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ল্যাবরেটরি মিলনায়তন নাটমণ্ডল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উত্তরণ ফাউন্ডেশন ও রিথিংক বাংলাদেশের পরিকল্পনায় পরিবেশিত হয় হিজড়া সম্প্র্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা ‘সবার ওপরে মানুষ সত্য’। বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিসিপ্লিন) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় হাবিবুর রহমান বলেন, আমরা হিজড়া ও বেদে সম্প্র্রদায়কে ভালো চোখে দেখি না। মনে করি সমাজের উচ্ছিষ্ট। কিন্তু তারাও মানুষ এবং তাদেরও মন আছে। তিনি আরো বলেন, তাদের দিয়েই আমাদের বাঙালি সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে।
অনুষ্ঠানটিতে হিজড়া সম্প্র্রদায়ের শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। এর পাশাপাশি সাপের খেলা ও বাঁদর খেলা নিয়ে হাজির হয় বেদে সম্প্র্রদায়ের লোকেরা। অনুষ্ঠানটিতে বিশেষ আকর্ষণ ছিল গ্রামবাংলার জনপ্রিয় ও জাতীয় খেলা কাবাডি তথা হা-ডু-ডু।
