অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিআইডব্লিউটিএ অফিসে দুদকের অভিযান

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০০:৩৫

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যালয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে গতকাল সোমবার অভিযান চালায় দুদক এনফোর্সমেন্ট টিম। ড্রেজিং কার্যক্রম পরিচালনার জন্য টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নৌ-পরিবহন অধিদপ্তরে নতুন জাহাজের নকশা অনুমোদন, সার্ভে সার্টিফিকেট প্রদানের ব্যাপারে দুদক হট লাইনে আগত অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে দুদক টিম জানতে পারে, ড্রেজিং কার্যক্রম পরিচালনার জন্য ১০ লাখ টাকার অতিরিক্ত ব্যয়ের জন্য ই-টেন্ডারিং পদ্ধতি থাকলেও, ১০ লাখ টাকার নিচে ম্যানুয়ালি টেন্ডার কার্যক্রম পরিচালিত হয়। ফলে এক্ষেত্রে অনিয়মের সুযোগ রয়েছে বলে প্রতীয়মান হয়। টিম সকল ক্ষেত্রেই ই-টেন্ডারিং পদ্ধতি অনুসরণ করার সুপারিশ করে।

এদিকে নতুন জাহাজের নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে দুদক টিম জানতে পারে, ২০১৮ সালে ২২০টি নকশা প্রদানের সিদ্ধান্ত থাকলেও অনুমোদিত হয়েছে ৩৪৫টি। এক্ষেত্রে অনিয়ম হয়েছে মর্মে টিম প্রাথমিকভাবে অভিমত ব্যক্ত করে। এছাড়াও আবেদন বিবেচনার ক্ষেত্রে ক্রম না মেনে যারা পরবর্তীতে আবেদন করেছেন ঘুষ-দুর্নীতির বিনিময়ে তাদের আগে নকশা পাস করা হয়েছে বলে জানা যায়।

অপরদিকে জাহাজের সার্ভে সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে অবৈধ অর্থ অর্জনের উদ্দেশ্যে কালক্ষেপণ করা হয় মর্মে দুদকের অনুসন্ধানে জানা যায়। সার্ভেয়ারদের কোনো রিপোর্ট প্রদানের বাধ্যবাধকতা না থাকায় তারা এ বিষয়ে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেন। এদিকে বিএসটিআই বিভিন্ন কার্যক্রমে অনিয়ম খতিয়ে দেখতে বিএসটিআই, প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক এনফোর্সমেন্ট টিম। টিম উক্ত কার্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে।