বাসাতেই পহেলা বৈশাখ কাটালেন এরশাদ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০০:৫৩

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ এবার পহেলা বৈশাখ অন্যরকমভাবে উদযাপন করলেন। প্রতিবছর পহেলা বৈশাখ এরশাদ নিজের বনানী কার্যালয়ে ও বারিধাবার বাসা ‘প্রেসিডেন্ট পার্ক’-এ জাঁকজমকভাবে উদযাপন করলেও এবার অসুস্থতার কারণে তিনি বাসা থেকে নড়তে পারেননি। তবে বৈশাখী রঙের নতুন পাঞ্জাবি-পায়জামা পরেছেন। দলের কয়েকজন নেতা ও শুভানুধ্যায়ী বাসায় গিয়ে এরশাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এরশাদের ব্যক্তিগত স্টাফ ইত্তেফাককে জানান, সকালে দলের কয়েক নেতা এসে এরশাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। বিকালে আসেন সংরক্ষিত আসনে জাপার মহিলা এমপি নাজমা আক্তার। রাত আটটার দিকে যান দলের সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দিনের বেশিরভাগ সময়ে এরশাদের সঙ্গে ছিলেন তার ছোট ভাই হুসেইন মুহম্মদ মোর্শেদ, যিনি গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।