সাভারে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা, রং মিস্ত্রির ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:১২

সাভারে এক সবজি বিক্রেতা ও এক রং মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সবজি বিক্রেতা মহসিন খান (২৫) এবং গতকাল সোমবার দুপুরে পৌর এলাকার মজিদপুর মহল্লার একটি ডোবা থেকে রং মিস্ত্রি মো. ইয়াহিয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়। নিহত মহসিন আশুলিয়ার পানধোয়া এলাকার জনৈক সিরাজুল ইসলামের ছেলে। তিনি সাভার বাজার বাসস্ট্যান্ডের সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। নিহত মো. ইয়াহিয়া কক্সবাজার জেলার চকোরিয়া থানার আজিজনগর সাহারবিল গ্রামের মো. তৌফিকুর রহমানের ছেলে। তিনি সস্ত্রীক মজিদপুর এলাকায় ভাড়া থেকে রং মিস্ত্রীর কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মো. ইয়াহিয়ার গায়ে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।