রাজশাহীর বাঘায় ইট বহনকারী একটি ট্রলির ধাক্কায় মাজদার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই সঙ্গে গুরুত্বর আহত হয়েছেন তার ভাই মোটরসাইকেল চালক মুক্তার হোসেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামের কদমতলা মোড় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া গ্রামের মৃত আনার হোসেন সরদারের দুই ছেলে মাজদার হোসেন সরদার (৪৮) ও মুক্তার হোসেন সরদার (৪৫) মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে আড়ানী পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এই সময় তারা আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামের কদমতলা মোড় এলাকায় পৌঁছলে, অপর দিকে থেকে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এই ঘটনায় তারা দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর (মোটরসাইকেল আরোহী) বড় ভাই মাজদার রহমান মারা যান।
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি রেজাউল হাসান রেজা জানান, দুর্ঘটনাটি উপজেলার শেষ প্রান্তে ঘটেছে। এ ঘটনার পর টলি চালক পালিয়েছেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর যদি কেউ অভিযোগ না করে তাহলে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/কেকে
