‘নির্বাচন এগিয়ে আসছে আর বিএনপির ষড়যন্ত্র চলছে’

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৭:০৫
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রও ততই ঘনীভূত হচ্ছে। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ড. জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে।
 
জনগণই আওয়ামী লীগের শক্তি বলে উল্লেখ করে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একাত্তরের মতো আগামী নির্বাচনেও স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করা হবে।
 
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
 
জঙ্গিবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে এবং অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আগামী ২০ মার্চ গণজমায়েত সফল করার লক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।
 
এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি)’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ সহযোগী বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই