বাঘ ধরতে গিয়ে ২ ভারতীয় বনকর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২২:৫০
ভারতের মেদিনীপুরের গোয়ালতোড় নামক স্থানে বাঘ ধরতে পাতা হয়েছিলো খাঁচা। পরিকল্পনা মতো রাতে খাঁচার কাছাকাছি বন দফতরের একটি গাড়িতে ছিলেন ২ বনকর্মী। মঙ্গলবার সকালে সেই গাড়ির মধ্যে থেকে মৃত অবস্থায় পাওয়া গেল ওই দুই কর্মীর দেহ। প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাসরোধে মৃত্যু হয়েছে তাদের। 
 
পুলিশ ও বন দফতর জানাচ্ছে, মৃত দু’জনের মধ্যে এক জন গাড়ির চালক অমল চক্রবর্তী (২৮) এবং অন্য জন ফরেস্ট গার্ড দামোদর মুর্মু (৩৪)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হামারগেড়্যার নয়াবসত রেঞ্জে। জানা গেছে, সকালে বন দফতরের ওই গাড়ির কাছে এসে অমল এবং দামোদরকে ডাকাডাকি করেন অন্য কর্মীরা। 
 
বেশ কিছুক্ষণ ডাকার পরও তাদের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় বনকর্মীদের। তখনই গাড়ির দরজা ভাঙেন তারা। গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই দু’জনকে। যদিও ওই দুই কর্মীর দেহে কোনোরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সেতু