নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জ্বলন করে এ শ্রদ্ধা জানানো হয়। নিহতদের আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাংক্ষী ও শোকাহত মানুষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিখা প্রজ্জ্বলন করা হয়।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।
এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব মানব, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, প্রকাশন রবিন আহসানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
পরে একটি মৌন মিছিল নিয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জড়ো হন।
যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষেরই দায় রয়েছে। বিচার বিভাগীয় তদন্ত করে এর মূল রহস্য উদঘাটন করতে হবে।
ইত্তেফাক/নূহু
