জাবিতে ডিন নিয়োগ বাতিলের দাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের আল্টিমেটাম

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৪৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আওয়ামীপন্থি শিক্ষকরা। অন্যথায় তারা কঠোর কর্মসূচী দিবেন বলে ঘোষণা দেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এ দাবি জানান। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমাজবিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন ও বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেনকে এবং আইন অনুষদের নিয়োগপ্রাপ্ত ডিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে ডিন পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রথা অনুযায়ী নির্বাচিত ডিন প্রয়োজনে পদত্যাগ করতে পারেন। তাকে অব্যাহতি দেয়ার নিয়ম নেই। কিন্তু উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তা না করে উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেনের উপর নাখোশ হয়ে অধ্যাপক রাশেদা আখতারকে ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্যদিকে আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলামের পদোন্নতি আটকে রেখে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করে অধ্যাপক বশির আহমেদকে ডিন পদে নিয়োগ দিয়েছেন। 
 
অধ্যাপক আবুল হোসেন আরো বলেন, নিয়ম অনুযায়ী আগামী মে মাসে ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এমন অবস্থায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজ অসমাপ্ত রেখে রাতের অন্ধকারে স্বল্প সময়ের জন্য ডিন নিয়োগ দেওয়া হয়েছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিন পদ খালি থাকায় শিক্ষা কার্যক্রম গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আমরা নতুন ডিন নিয়োগ দিয়েছি। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক বশির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/সেতু