কোটা সংস্কার আন্দোলনে লাঠিপেটার প্রতিবাদে রবিবার বিক্ষোভ

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২১:৪৯
কোটাপদ্ধতি সংস্কার চেয়ে করা বিক্ষোভে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আগামী রবিবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। 
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এ ঘোষণা দেন।  সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে আহত করা এবং আন্দোলনকারীদের থানায় আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি আগামী ১৮ তারিখ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে। ওই দিন সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনসহ কমিটির অন্য নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/ইউবি