অনুষ্ঠিত হয়ে গেল তরুণ লেখকদের বহু প্রতীক্ষিত 'গ তে গল্পকার'-এর একুশ গল্প সংকলনের নবীন লেখকদের সংবর্ধনা অনুষ্ঠান। গত বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে অনলাইনভিত্তিক চ্যানেল আগামী।
শিশু কিশোর এবং তরুণদের মেধা বিকাশ এবং সৃজনশীলতা প্রকাশের জন্য চ্যানেল আগামী বরাবরই দারুণ সব উদ্যোগ গ্রহণ করে। আর তারই ধারাবাহিকতায় তরুণ লেখকদের মেধা বৃদ্ধি এবং অনুপ্রেরণার ক্ষুদ্রতম প্রয়াস 'গ তে গল্পকার'-এর এই আয়োজন।
এ প্রসঙ্গে চ্যানেল আগামীর সিইও তানজিম রিফাত বলেন, "শিশু কিশোর এবং তরুণদের মেধা অন্বেষণে চ্যানেল আগামী সবসময়েই মুখ্য ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে।"
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব নাজনীন হাসান চুমকি, খ্যাতনামা লেখক রাজীব হাসান, কিংকর আহসান, সাদাত হোসাইন, প্রখ্যাত কার্টুনিস্ট জুনায়েদ আজিম চৌধুরী, মডেল এমদাদ হোসেন শপথ, মাইক্রোসফট বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত জাহান, শিশু সাহিত্যিক ফোরামের চেয়ারম্যান এবং অন্বয় প্রকাশের প্রকাশক হুমায়ুন কবীর ঢালী প্রমুখ।
অতিথিরা তাঁদের বক্তব্যে নবীন লেখকদের উদ্দেশ্যে বলেন, একটা ভাল লেখা একটা মানুষের সুখ দুঃখের সঙ্গী। একটা গল্প যত সুন্দর হবে পাঠক সেই কল্পনার জগতে তত গভীরভাবে ডুব দিতে পারবে। এখনকার সময়ে একজন বিত্তবান ব্যক্তি হয়ত খুব সহজেই খুঁজে পাওয়া যাবে কিন্তু একজন সত্যিকারের লেখকসত্ত্বা খুব কম মানুষের মাঝেই পাওয়া যাবে। অতিথিদের ছোটবেলার মজার কাহিনী এবং রসবোধে হাস্যমুখরিত হয়ে ওঠে নবীন লেখকরা।
বক্তৃতা পর্ব শেষে অতিথিবৃন্দ সেরা একুশ গল্পকারদের সংবর্ধনা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন। রকমারি ডটকমের পক্ষ থেকে তাদের সবার জন্য ছিল একটি করে বই। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে এবছরের গ তে গল্পকারের।
ইত্তেফাক/মোস্তাফিজ
