ফ্লোরিডায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

'অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ'

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১১:৩৪
যুক্তরাষ্ট্র সফররত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। স্বাধীনতার এ মাসেই বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে উন্নীত হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচের রামাদা হোটেলের বলরুমে অনুষ্ঠিত ২৫তম এশিয়ান ট্রেড ফুড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আসাদুজ্জামান নূর।
 
আসাদুজ্জামান নূর বলেন, 'আমাদের অনেক সমস্যা আছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও রাজনৈতিক মতভেদ অনেক কিছুই আমাদের সমাজে রয়েছে। কিন্তু তারপরও ১৬ কোটি বাংলাদেশের মানুষের পরিশ্রমে দেশ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।'
 
তিনি বলেন, 'শিক্ষা, কৃষি, স্বাস্থ্য বিশেষ করে মাতৃ-মৃত্যুহার রোধ, শিশুমৃত্যু সর্বোপরি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে গত দশ বছরে। আজ আমাদের গর্ব করার মত অনেক কিছু রয়েছে। আর এই কাজে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন- ২৫তম সম্মেলনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান, উপদেষ্টা এম রহমান জহির, উপদেষ্টা আরিফ আহমদ আশরাফ, উপদেষ্টা আবদুল ওয়াহেদ মাহফুজ, চেয়ারম্যান মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক তামান্না আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কনভেনার গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা হোমস-এর কর্ণধার বেলায়েত হোসেন, এনটিভি ইউএসএ'র প্রযোজক আবীর আলমগীর প্রমুখ।
 
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সূর্যের রশ্মি রাজ্য নামে খ্যাত ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ শহরের সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডস এক্সপো সেন্টারে শুরু হচ্ছে এশিয়ান ট্রেড ফুড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ২৫তম আসর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা আয়োজিত ১৭ ও ১৮ মার্চ শনি ও রবিবার দু'দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী আসাদুজ্জামান নুর।
 
ইত্তেফাক/এসএস