গুয়াহাটিতে প্রথম বারের মত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:২৮
আসামের গুয়াহাটিতে প্রথম বারের মতন বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। 
 
সহকারী হাই কমিশনার এবং মিশন প্রধান কাজী মুনতাসীর মুর্শেদ বলেন, আমরা দিনটি একটু ভিন্নভাবে উদযাপনের চেষ্টা করেছি। আমরা খুঁজে বের করেছি ১৩০ জন শিশুকে যাদের রং পেন্সিল নিয়ে ছবি আঁকার শখ আছে কিন্তু সাধ্য নেই তাদেরকে রং পেন্সিল ও আঁকার খাতা আর উন্নত খাবারের ব্যবস্থা করেছি। রং পেন্সিল, আঁকবার খাতা এবং খাবার পেয়ে শিশুদের উচ্ছ্বাস আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। এটি আমার কূটনৈতিক জীবনের একটি অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। এ ছাড়া আসাম এবং মেঘালয়ে যে সকল বাংলাদেশি ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি যাতে তারা আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম সম্পর্কে জানতে পারে এবং দেশপ্রেমে আগ্রহী হয়। 
 
অনুষ্ঠানে বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা কবিতা, গান এবং নাচের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তারা বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
 
ইত্তেফাক/ ইউবি