বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:৪৫
বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরে অত্যন্ত আনন্দমুখর পরিবেশ এবং যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 
 
সিঙ্গাপুরে বসবাসরত তিন শতাধিক প্রবাসী ও তাদের পরিবারবর্গের উপস্থিতি  এবং শতাধিক শিশু-কিশোরের প্রতিযোগিতায় অংশগ্রহণের  মাধ্যমে এই বিশেষ দিবসটির অনুষ্ঠান আনন্দমুখর উৎসবে পরিণত হয়। দিবসটির অনুষ্ঠানমালার মধ্যে ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধুর শৈশব, বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের উপর আলোচনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বয়সভিত্তিক কবিতা পাঠ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 
 
সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মো.  মোস্তাফিজুর রহমান বলেন, ১৭ মার্চ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ববহ। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুর ত্যাগ, তিতীক্ষা আর সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। হাই কমিশনার আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার দর্শন বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
 
অনুষ্ঠান এর শেষ পর্বে হাই কমিশনারের সহধর্মিনী মিসেস তানজিনা বিনতে আলমগীর প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী সবার মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
ইত্তেফাক/ইউবি