‌‌সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধের আহ্বান

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৭
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচের ফেয়ারগ্রাউন্ড এক্সপো সেন্টারে দু’দিনব্যাপী ২৫তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান আসাদুজ্জামান নূর।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সকল প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশ আজ মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে। জঙ্গিবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ফলে একটি শান্তি প্রিয় দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করতে শুরু করেছে। 
 
অনুষ্ঠানের মূলমঞ্চে লাল ফিতা ও কেক কেটে ২৫তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে। এই সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখে দিতে বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি মোহাম্মদ এমরান ও সাধারণ সম্পাদক এম রহমান জহির, আবীর আলমগীর, ড. শামসাদ বেগম, ড. সালাউদ্দীন, সাংবাদিক শিব্বীর আহমেদ, আরিফ আহমেদ আশরাফ, আবদুল ওয়াহেদ মাহফুজ, চেয়ারম্যান মাজহারুল ইসলাম, কনভেনার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক তামান্না আহমেদ প্রমুখ।
 
উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। মেলায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সার্ভিসে গিয়ে তিনি দূতাবাসের কর্মকাণ্ডের খোঁজ নেন। পরে তিনি প্রায় ঘণ্টা ধরে বিভিন্ন দেশের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে ঢাকার উদ্দেশে ফ্লোরিডা ত্যাগ করেন। 
 
২৫তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ারের উদ্বোধনী দিনে মধ্যরাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এশিয়ার প্রায় ত্রিশটি দেশের নেৃতৃবন্দ এবং প্রতিনিধিরা নিজ নিজ দেশের বিভিন্ন খাদ্যপণ্যসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 
 
ইত্তেফাক/এমআই