খুলনায় বোমাসহ গ্রেফতার ৩

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৪০
খুলনায় তিনটি হাতবোমা, বোমা তৈরির গান পাউডার ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে নগরীর মহেশ্বরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
তারা হলেন- মো. রুবেল শেখ (৩২), তার স্ত্রী সাজেদা বেগম (৩০) ও সহযোগী মিরেরডাঙ্গা এলাকার সোলায়মানের ছেলে মাসুম হোসেন ওরফে মাসুদ (২৩)।  রুবেল ও সাজেদার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশের একটি দল নগরীর মহেশ্বরপাশা রানার মাঠ এলাকায় জনৈক ইলুর বাড়িতে অভিযান চালায়। রাতভর তল্লাশির পর এক পর্যায়ে রবিবার সকালে রুবেল শেখ, তার স্ত্রী সাজেদা বেগম ও মাসুম হুসাইনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি তাজা হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম গান পাউডার, তামার তার, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রপাতি ও  ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
 
রুবেলের নামে দৌলতপুর ও খানজাহান আলী থানায় পৃথক দুটি মাদক মামলা এবং সাজেদার নামে একটি মাদক মামলা রয়েছে। বিস্ফোরক ও মাদক মামলায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
 
ইত্তেফাক/আরকেজি