সুইডেন বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৪৭
শনিবার বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে যথাযথ মর্যাদা ও উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপিত হয়েছে। 
 
দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসের মূল অনুষ্ঠানসূচিতে ছিল কুরআন তিলওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ-এর উপর আলোচনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং নৈশভোজ। 
 
আলোচনা পর্বে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবিস্মরনীয় নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
IMG0
তিনি দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর বিরল নেতৃত্বসুলভ উপস্থিতির বিষয়টি তুলে ধরেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর জন্মদিবসকে যথার্থভাবে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি